বাংলাদেশের ১৭ হাজার কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।
আন্তর্জাতিক এক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে,বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে, তারা প্রায় ১৭ হাজার কর্মীকে কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা ৩১ মে’র মধ্যে সেদেশে যেতে পারেননি। ফলে তাদের কোটা বাতিল করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, আর সময় বাড়ানো হবে না। যেহেতু অনেক আগেই ৩১ মে সময়সীমা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ২৮ থেকে ৩১ মের মধ্যে ২০ হাজারের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন। এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা ৩১ মের আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
