সাইবার আক্রমণের কারণে লন্ডনের বৃহৎ হাসপাতালগুলোতে বিঘ্ন ঘটেছে চিকিৎসা সেবায়। বিশেষ করে বাতিল করতে হয়েছে রোগীদের অপারেশন। কিংস কলেজ হসপিটাল, গাইস এন্ড সেন্ট থমাস, রয়াল ব্রম্পটন ও এভেলিনা লন্ডন চিলড্রেন্স হসপিটালসহ বেশ কয়েকটি হাসপাতালে সাইবার অপরাধীরা আক্রমণ করেছে। এতে করে স্বাভাবিক চিকিৎসা সেবায় বড় ধরণের ধাক্কা লেগেছে। বিশেষ করে পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ত সরবরাহে বড় ধরণের সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবার থেকে অপরাধীরা আক্রমণ শুরু করে। এতে করে অপারেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বাতিল কিংবা রোগীদের অন্যত্র পাঠানো হয়েছে। এনএইচএস অপ্রত্যাশিত এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে বলেছে, তারা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাথে কাজ করছে।
