বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে।
মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলাম। পাট ও বস্ত্রমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট মেলার হেড অফ ইন্টারন্যাশনাল স্টেফান সুনদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। সাক্ষাতে পরবর্তী মেলায় বাংলাদেশের আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের ব্যাপারে উভয় পক্ষ থেকে আশ্বাস ব্যক্ত করা হয়।
