বাংলাদেশ আমেরিকা সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি)'র উদ্যোগে সামার নেটওয়ার্কিং ইভেন্ট হয়ে গেলো নিউ ইয়র্কের লং আয়ল্যান্ডে। গত ২৪ জুলাই বেলমন্ট পার্কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রকৌশলী, শিক্ষক, গবেষক, ব্যাংকার, সফটওয়্যার ডেভেলপা, অ্যাকাউন্ট্যান্ট, রিয়েলটর ও মার্কেটিং পেশায় সম্পৃক্ত এমন অনেকেই।
এখানে নানা পেশার মানুষ কিভাবে একে অন্যের উপকারে আসতে পারেন, প্রয়োজনে পাশে দাঁড়াতে পারেন সে সব বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন বিএসপি সভাপতি ও সিটকো গ্রুপের ম্যানেজার মাহদী ভূঁইয়া, ভ্যালি ব্যাংকের প্রফেশনাল প্র্যাকটিসেস স্পেশালিস্ট ইমতিয়াজ চৌধুরী, এসজে ইনোভেশন'র সিইও সাহেদ ইসলাম, পিপলএনটেক'র পরিচালক শফি চৌধুরী, গ্রিন রিয়েলটর প্রোগ্রামের পরিচালক দেলোয়ার খান, সিপিএ মিজানুর রহমান, ক্রেডিট এগ্রিকোল'র ভিপি অনিতা খবির, আইনজীবী লুৎফর রহমান লিমন প্রমুখ।
এতে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে কথা বলেন নিউইয়র্কে পিপলএনটেক'র পরিচালক শফি চৌধুরী। তিনি এসময় বলেন, পিপলএনটেক তার কর্মসূচির মাধ্যমে ৭০০০ বাংলাদেশিকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে এ দেশে সুপ্রতিষ্ঠিত করেছে। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক আইটি শিক্ষার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।
এসময় অনেকেই পিপলএনটেক থেকে তাদের প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখান। কমিউনিটির সুবিধার্ধে কাজ করতে কিভাবে একে অন্যের সহায়ক শক্তি হয়ে উঠতে পারেন সে ব্যাপারে জোর দেন আলোচকরা।
