বাংলাদেশ

বাংলাদেশে ১৪ জনের প্রাণ কেড়ে নিল ঘূর্ণিঝড় সিত্রাং

post-img

শক্তি হারিয়ে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে সিত্রাং এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি।

সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হয়েছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে দুর্ঘটনার শিকার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত ৮ জেলায় অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

কুমিল্লার নাঙ্গলকোটে একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু নুসরাত।

পুলিশ জানায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আমেনা খাতুন। তার বয়স ১১৫ বছর। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা। তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বসতঘরের ওপর গাছ পড়ে শরীয়তপুরের জাজিরায় সাফিয়া খাতুন (৬৫) নামে এক নারী মারা গেছেন।

সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল।

নড়াইলের লোহাগড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা-ছেলে মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (০২)।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছ ও ঘরচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুরের মাছ।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়ায় গাছচাপায় মফিজুল ইসলাম নামে এক যুবক এবং দৌলতখানে ঘরচাপায় খাদিজা বেগম নামে এক বৃদ্ধা ও চরফ্যাশনে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার

পথে গাছচাপায় মনির খন্দকার নামে একজন মারা গেছে। এছাড়া অনেক জায়গায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ভোলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার রাতে ঘরের ওপর গাছ পড়ে দুই নারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।

সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামে এক শিশুর (১) মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় শিশুটির মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের মো. আবদুল্লার ছেলে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.