ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহরে রুশ বাহিনী ঢুকে পড়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেইন বলছে, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরু করেছে রাশিয়া। সীমান্তের এ হামলায় ৯ টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহরের দ্বারপ্রান্তে রুশ সেনাদের পৌঁছে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল গেলো রোববারেই। এবার তারা শহরটিতে ঢুকে পড়ার দাবি করল। খারকিভ থেকে ৭৪ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহর। সেখানে সম্প্রতি কয়েকদিনে ভারি বোমা হামলা হয়েছে। আশেপাশের এলাকার কর্মকর্তারা বলছেন, মস্কো এখন সেখানকার বসতবাড়িতে গ্লাইড বোমা হামলা চালাচ্ছে।
