ঈদযাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেনে ভরপুর যাত্রী থাকলেও বাসে তেমন চাপ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি হলে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীর চাপ কম থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়নি। ভোগান্তি কম থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন,বাড়তি ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে যাত্রী চাপ বাড়বে। সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বিলম্ব করেনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে র্যাব। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেয়ার কথা জনিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
