সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৮৫ হাজার ২৫৭ জন। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।এদিকে, বাংলাদেশের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে হাজীরা সন্তুষ্ট প্রকাশ করলেও, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে, হজ্জের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক।
জানা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া হজযাত্রীরা হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।
মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। এবারের হজ্ব ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ হজ্বযাত্রী খুশি। তবে কিছু কিছু হাজিরা করেন বিরূপ মন্তব্য।
এ বিষয়ে হজ্বের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ- হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। হজ্জের সকল প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। চলতি বছর পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন।
