গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করার কথা জানিয়েছে ওমান। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।
ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে ঢাকাস্থ ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অব্যাহতিপ্রাপ্ত ভিসার বিভাগগুলোর মধ্যে রয়েছে, সমস্ত অফিসিয়াল ভিসা, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের পর্যটক। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে রয়্যাল ওমানি পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ক্যাটাগরির ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেওয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস। এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষই কাজ করছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
