মেধাবীদের বাদ দিয়ে দলীয় লোক দিয়ে সবকিছু পরিচালনা করা হলে বৃষ্টিতে ঢাকা কেন, পুরো বাংলাদেশ ডুববে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ঢাকা শহর তো ডুববেই, কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজে মেধাবীদের নিয়ে আসতে হবে। যদি দলীয় লোকজন দিয়ে সবকিছু পরিচালনা করা হয় তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশ ডুববে।
শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
বিএনপির এই নেতা বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশ এমনিতেই ডুবে গেছে, এখন শুধু পানির ডুবা দেখতে পাচ্ছেন। সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে, একইভবে ভোট ও গণতন্ত্রের জন্যও তাদের লড়াই করার আহ্বান।
তিনি বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এতে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনও সুযোগ নেই। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। আমার মনে হয় না, এই সরকার দেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে।
