ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভীড় থাকলেও সায়দাবাদ বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রী শূন্য। তবে, সময় মতো ট্রেন না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। ঈদযাত্রা আরো নির্বিঘ্ন করতে, ঢাকা থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে বলে জানান,রেল কর্মকর্তা মাসুদ সারওয়ার।
ঈদযাত্রার প্রথম দিন বুধবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে নেই ঘর মুখো মানুষের চাপ। বাসের আসন খালি নিয়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। হতাশায় শ্রমিকরা। তবে,আগামী দুই একদিনের মধ্যেই যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে,ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে সময় মত ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই সিলেটের পারাবত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস,রংপুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায়, প্ল্যাটফর্মে বেশ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
রেল কর্তৃপক্ষ বলছে,ঈদ যাত্রার আজ প্রথম দিন হওয়ায় নিরাপত্তার কারণেই ট্রেনগুলো দেরিতে ছাড়া হয়েছে।
