বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অসমাপ্ত পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।
আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জনতা ব্যাংকের দুবাই শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মিডিয়া উইং থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি ফি এসএসসি প্রথম বর্ষ ৫১৫ দিরহাম এবং এইচএসসি প্রথম বর্ষ ৬৬০ দিরহাম জনতা ব্যাংক দুবাই শাখায় জমা দিয়ে রশিদের মূল কপি এবং সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদনের হার্ড কপি কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।
