পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য,মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ,অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
সকাল থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। এদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ একত্রীকরণসহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন ও মানহীন মালামাল ক্রয় এবং গ্রাহক ভোগান্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। আন্দোলনকারীরা জানান,পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান তারা।
