৪০টি দেশে অবস্থানরত ১ কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র-এনআইডি দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এনআইডি প্রদান কার্যক্রম।
এ লক্ষ্যে বুধবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান। এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় সরকারের এনআইডি কার্যক্রম সফল করতে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত। সভায় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
