কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের উদ্যোগে যথাযোগ্য গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরের পোশাক শিল্পে কর্মরত প্রবাসী, ব্যবসায়ী, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠন ‘ইত্তেহাদ’ এর নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শিশির কুমার সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ শোনান যথাক্রমে, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ ইসমাইল হোসাইন, দূতালয় প্রধান আতাউল হক, তৃতীয় সচিব শিশির কুমার সরকার ও রেজাউল করিম প্রমুখ।
