সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দের জন্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে সাড়ে ৩ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র সরকার।
বুধবার (৩ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মার্কিন দূতাবাস জানায়, জুন মাসের মৌসুমি বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলাকে সহায়তা করতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে সাড়ে ৩ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়ে ৩০ হাজার জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আরও একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে জরুরি সহায়তার প্রয়োজন এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
