যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বিত্তরা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শেখ আবির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। চুরি করতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টের ওই দোকানে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। এ বছরের ৭ ডিসেম্বরের পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
