ঋতুচক্রের হিসেবে এ মৌসুমে শীত এসেছিলো পৌষেই,বিদায়ও নিচ্ছে দুই মাস পর। মাঘের শেষে বসন্তের আগমনে প্রকৃতিতে ফাগুনের টান পড়েছে।
বাংলা পঞ্জিকা বলে দেয় এসে গেছে ঋতুরাজ বসন্ত। শুধু তাই নয়, ফাগুণের আগুন ঝরা দিনের শুরুতে, ভালোবাসা দিবসের রং মিশে হয়ে গেছে একাকার। তাইতো ফাল্গুনেই উত্তাপ বাড়িয়েছে ভালোবাসার দিবস।
সংশ্লিষ্টরা জানান, দখিনা সমীরণে শিহরণ জাগানোর দিন এল, মাতাল হাওয়ায় কুসুম বোনের কাঁপনে। মৌমাছিদের ডানায় ডানায়,গাছের কচি কিশলয় জেগে উঠবার আভাসে,পল্লব মর্মরে আর বনতলে। সাথে কোকিলের কুহুতান জানান দিয়ে যাচ্ছে আজ বসন্ত। প্রকৃতির দিকে তাকালে শীত-বর্ষার মতো বসন্তকেও চেনা যায় সহজে। আমের মুকুল,পলাশ, আর শিমুলগাছে লেগেছে আগুন রঙের খেলা। দখিনা হাওয়া,ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কন,প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। শীতের রিক্ততা মুছে দিয়ে প্রকৃতিজুড়ে সাজসাজ রব। প্রকৃতিতে জেগে উঠেছে নবীন জীবনের ঢেউ। নীল আকাশে সোনা ঝরা আলোর মতই হৃদয় আন্দোলিত। ঋতুরাজ বসন্তের দিনগুলো মায়াবী এক আবেশে ঘিরে রাখবে বৃক্ষ,লতা,পাখ-পাখালি আর মানুষের হৃদয়।
