ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসব হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনো হাটগুলোতে বেচাকেনা জমে ওঠেনি। অনেকে এখন হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন। চূড়ান্ত হওয়া ১৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১০টি হাট। এর বাইরে ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়ায় আরও দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। এ দুটি হাটে নিয়মিত গরু, মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে। তবে কোরবানি উপলক্ষে সেসব হাটেও পশু বেচাকেনা শুরু হয়নি।
