লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ উপলক্ষে আয়োজিত অনলাইন সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করা ও বাংলা সংস্কৃতির ধারা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মখ্য সমন্বয়ক অলক দাশগুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। মূখ্য আলোচক ছিলেন ড.জান্নাত আরা হেনরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জআমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গোলাম কুদ্দুস, উদীচী যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি গোলাম কবির ও কবি মিনার মনসুর সহ অনেকে।
