এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা

post-img

১০ এপ্রিল বুধবার অ্যামেরিকায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সর্ববৃহৎ আনন্দ উদযাপন ঈদ-উল ফিতরে মসজিদে মসজিদে হয়েছে ঈদের জামায়াত। দেশের বিভিন্ন রাজ্যে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। সকলে দোয়া করেছেন মুসলিম বিশ্বের কল্যাণে।

যুক্তরাষ্ট্রের ডিএমভি এরিয়ায় যথাযথ মর্যাদা ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ঈদ ঘিরে আনন্দে মেতে উঠে বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকাগুলো।

ভার্জিনিয়ার অল ডুলাস এরিয়া মুসলিম সুসাইটি, অ্যাডামস সেন্টারে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়। সাড়ে ১১ টা পর্যন্ত তিনটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন। ঈদের এই বিশেষ দিনে অ্যাডাম সেন্টার ইসলাম ধর্ম গ্রহন করেছেন একজন। নবাগত এই মুসলিম ভাইকে ঈদ মোবারকের মাধ্যমে স্বাগত জানিয়েছেন সবাই। মুসলিম কমিউনিটির প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা পৌছে দিতে অ্যাডাম সেন্টার উপস্থিত হয়েছিলেন দুজন হাইজ অব ডেলিগেটস। নামাজ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণে পরম করুণাময়ের অনুগ্রহ কামনা করা হয়।

একইভাবে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে পরিবার-পরিজনসহ শিশু কিশোররা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন।

ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউজার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাস, লসএঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেকটিকাট, ওহাইয়ো, শিকাগোতে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপিত হয়েছে।

নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এলমহার্স্টে মসজিদ আল তৌফিক, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমান মসজিদ, মসজিদ মারজান, বেলাল মসজিদ, ব্রুকলীন ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদে বড় আকারের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেইডি জিল বাইডেন। বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তারা। বিবৃতিতে বিশ্ব শান্তি ও মানবিক মর্যাদার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে যুদ্ধ ও দারিদ্রহীন একটি বিশ্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট। এছাড়া ঈদের মাঝেও দুর্দশাগ্রস্ত গাজাবাসীর প্রতি বিশেষ সহমর্মিতা জানান জো বাইডেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অ্যামেরিকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, মূলধারার রাজনীতিবিদরা। ঈদে মুসলিম কমিউনিটির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বার্তা দিয়েছেন, কংগ্রেসম্যান, ডিস্ট্রিক্ট এটর্নি, অ্যাসেম্বলিম্যানসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও নিউ ইয়র্কে, দেশটির কনসাল জেনারেল।

বুধবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে ঈদুল-ফিতর। সৌদি আরব, ইরান, ইরাক, তুর্কিয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে একই দিনে উদযাপিত হয়েছে ঈদ। ঈদ জামাত শেষে সারা বিশ্বের জন্য শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.