অনলাইন প্রতারণা: ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপনে প্রায় ১৪ লাখ টাকা খোয়ালেন তরুণী
বিশ্বজুড়ে ডিজিটাল নির্ভরতা বাড়ানোর সাথে সাথে সাইবার অপরাধের হারও সমান পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিদিন নতুন নতুন কায়দায় সাইবার অপরাধের খবর আসছে গণমাধ্যমে। সম্প্রতি ভারতের মেঙ্গালুরু শহরে তেমনি এক ঘটনা ঘটেছে। একটি লোভনীয় চাকরির বিজ্ঞাপনে ক্লিক করে এক তরুণী হারিয়েছেন প্রায় ১৪ লাখ টাকা। সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ওই তরুণী ইনস্টাগ্রামে একটি চাকরির বিজ্ঞাপন দেখেন যাতে বলা হয়েছিল, ‘আপনি উপার্জন করতে পারেন’। বিজ্ঞাপনে দেওয়া লিংকে ক্লিক করে তিনি একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন যেখানে তাকে টেলিগ্রাম অ্যাপে কিছু ব্যক্তিকে মেসেজ করতে বলা হয়। বিনিয়োগের পরামর্শ হিসেবে তাকে জানানো হয় যে, যা বিনিয়োগ করবেন, তার চেয়ে ৩০ শতাংশ বেশি ফেরত পাবেন। প্রথমে সাত হাজার রুপি পাঠিয়ে তিনি প্রতিশ্রুত ৯ হাজার ১০০ রুপি ফেরত পেয়ে যান। তবে, দ্বিতীয় সময়ে ২০ হাজার রুপি পাঠানোর পর কোনো টাকা ফেরত আসে না। তখন তাকে জানানো হয় একাউন্ন ব্লক থাকায় তিনি টাকা পাচ্ছেন না। শেষমেশ তিনি আরও ১০ লাখ ৫০ হাজার ৫২৫ রুপি পাঠান কিন্তু টাকা ফেরত আসে না। টাকার হিসেবে যা ১৩ লাখ ৮৩ হাজার টাকা। এরপর যখন ওপাশ থেকে কোন সাড়া পাচ্ছেন না তখন তিনি বুঝতে পারেন পতারনার শিকার হয়েছে। তারপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা সতর্কতা চেষ্টা করছেন যে, পার্টটাইম চাকরিতে বড় আয়ের লোভ দেখিয়ে স্ক্যামাররা যুবপ্রজন্মকে ফাঁদে ফেলতে চেষ্টা করছে। অচেনা লিংকে ক্লিক করা অথবা অচেনা ব্যক্তিকে টাকা পাঠানোর আগে সতর্ক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
